সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এবার একটু ‘পটোলের দোলমা’ হোক

প্রকাশিত: ০৭:৩৯, ২৪ আগস্ট ২০২৬ | ১৫

পটোলে পুরের উপকরণ: পটোল ৮-১০টি, লবণ স্বাদমতো, হলুদ আধা চা-চামচ, কিমা (মাংস/মাছ) ১ কাপ, পেঁয়াজকুচি ১টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ২টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও চিনি সামান্য।

প্রণালি: পটোলের খোসা হালকা চেঁছে নিন। একদিকের মাথা কেটে চিকন ছুরি বা চা-চামচের হাতলের দিক দিয়ে ভেতরের বীজগুলো বের করে নিন। এবার পটোলে লবণ-হলুদ মেখে হালকা ভেজে তুলে রাখুন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। আদা-রসুনবাটা দিয়ে নাড়ুন। কিমা দিয়ে তারপর বাকি মসলা মিশিয়ে ভালো করে কষান। ভাজা ভাজা হলে নামিয়ে ঠান্ডা করুন।

এবার প্রতিটি পটোলের ভেতরে ভালো করে পুর ভরে নিন। রান্নার সময় পুর যাতে বেরিয়ে না যায়, তা ঠেকাতে পটোল কাটার সময় মাথার যে বাড়তি অংশটা কাটা হলো, টুথপিকের সাহায্যে সেটা পটোলে আটকে নিতে পারেন।

গ্রেভির উপকরণ: পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, টমেটোবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ ও তেল পরিমাণমতো।

প্রণালি: কড়াইতে তেল দিয়ে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা ও টমেটোবাটা দিয়ে ভাজুন। সব গুঁড়া মসলা দিয়ে কষান, যতক্ষণ না তেল ছাড়ে। এই মসলার মধ্যে পটোলগুলো এবার আলতো করে ছেড়ে দিন। অল্প পানি দিয়ে ঢেকে রাখুন। ১০-১৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। শেষে গরমমসলা ছড়িয়ে নামিয়ে নিন। খাওয়ার আগে পটোলের টোপরগুলো ফেলে দিতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor