সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আরও ৩ লাখ নতুন সেনা মোতায়েন করছেন পুতিন: জেলেনস্কি

প্রকাশিত: ০৭:১৬, ২৪ আগস্ট ২০২৬ | ২০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশ পুরোপুরি দখলে নিতে চলতি বছরের শেষের দিকে রাশিয়া আরও অন্তত ৩ লাখ নতুন সৈন্য যুদ্ধে পাঠাতে পারে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধে বিপুল সংখ্যক রুশ সৈন্য মারা গেলেও বছর শেষে তারা আগের মতোই ইউক্রেনের একই পরিমাণ জায়গা নিয়ন্ত্রণে রাখতে পারবে।

জেলেনস্কির দাবি, এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬৭ হাজার রুশ সৈন্য হতাহত হয়েছে, যার মধ্যে অন্তত ১ লাখ ৫৫ হাজার মারা গেছে। সামনে রাশিয়ার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এর পরেই নতুন করে এই সেনা সংগ্রহের কাজ শুরু হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জেনারেলদের চলতি বছরের মধ্যেই পুরো দোনেৎস্ক দখলের নির্দেশ দিয়েছেন, নতুন এই ৩ লাখ সৈন্যকে সেই লক্ষ্যেই ব্যবহার করা হবে। তবে ইউক্রেনীয় বাহিনী এই হামলা রুখে দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলেনস্কি জানান, বিগত বছরের তুলনায় এবার ইউক্রেন অনেক কম ক্ষেপণাস্ত্র পাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি তাদের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের অন্তত ১০ শতাংশও ইউক্রেনকে দেয়, তবে কিয়েভ তা কিনে নিতে রাজি। একই সাথে নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ও মিসাইল তৈরি করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতাও বাড়াচ্ছেন তারা। অন্যদিকে, যুদ্ধ থামানোর বিভিন্ন উপায় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্র: সিএনএন।

Mahfuzur Rahman

Publisher & Editor