ইসরায়েলের ড্যামন কারাগারে গুরুতর স্বাস্থ্য ও তীব্র মানবিক সংকটে রয়েছেন আটক গর্ভবতী ফিলিস্তিনি নারীরা। পর্যাপ্ত চিকিৎসা, পুষ্টিকর খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রীর অভাবের পাশাপাশি তাদের পোশাকও জব্দ করা হচ্ছে।
ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস এমন অভিযোগ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজজিরা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৮ জুলাইয়ের পর আর কোনো গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেননি পাঁচ মাসের গর্ভবতী মানার ইব্রাহিম কারাজা। দুই সন্তানের এই জননী দুই মাসেরও বেশি সময় ধরে তীব্র চুলকানি ও খোসপাঁচড়ার মতো ত্বকের সমস্যায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।
আটকের ২০ দিনের মধ্যে কারাজার ওজন গর্ভধারণের আগের ৬০ কেজি থেকে কমে ৫৪ কেজিতে নেমে যায়।
পরে তা বেড়ে মাত্র ৫৭ কেজি হয়েছে। পুষ্টিহীন ও নিম্নমানের খাবারের কারণেই তার এমন অবস্থা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে আরেক গর্ভবতী বন্দি দানা জুদেহ আগামী সেপ্টেম্বরের শুরুতে গর্ভাবস্থার নবম মাসে প্রবেশ করবেন। তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস গর্ভবতী বন্দি নারীদের জরুরি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতার সামগ্রী সরবরাহের দাবি জানিয়েছে। পাশাপাশি মানার কারাজার দ্রুত চর্মরোগ চিকিৎসা এবং হাসপাতালে গর্ভাবস্থা পর্যবেক্ষণের ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।
Publisher & Editor