পুরাতন আসবাবে ঘর হবে নতুনের মতো। পুরাতন আসবাবগুলোর দিকে তাকালে দেখা যাবে নতুনের মতো। একটু মেরামত করে, রঙ বদল করে, সামান্য নকশার পরিবর্তন-করে পুরাতন আসবাব পেতে পারে একেবারে নতুন চেহারা।
পরিবারের দীর্ঘদিনের স্মৃতি জড়ানো সেইসব পুরাতন আসবাবের সৌন্দর্য যে অন্য জায়গায়। তার গায়ে ব্যবহারের ছাপ থাকে, থাকে প্রজন্মের স্পর্শ। কারও আলমারি এসেছে বাবার বাড়ি থেকে, কারও ডাইনিং টেবিল কেনা হয়েছিল বিয়ের পর প্রথম সংসারে।
নতুন আসবাব দিয়ে ব্যবহারিক প্রয়োজন মেটানো গেলেও পুরাতন জিনিসটির সঙ্গে জড়িয়ে থাকা আবেগের জায়গাটি পূরণ করা সহজ নয়। তাই এখন অনেকেই এই ধরনের আসবাব ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করার কথা ভাবছেন।
রং বদলালেই বদলে যায় চেহারা
পুরাতন কাঠের আসবাব নতুন করে সাজানোর সবচেয়ে সহজ পদ্ধতি হল রং বা পালিশ। কাঠের স্বাভাবিক সৌন্দর্য অটুট রাখতে চাইলে ভালোভাবে ঘষেমেজে পালিশ করা যায়। এতে কাঠের দাগ, আঁশ ও প্রাকৃতিক নকশা আরও স্পষ্ট হয়ে ওঠে।
কুশনের কাপড় বদলান
শুধু কাঠের রং নয়, চেয়ার বা সোফার কুশনের কাপড় বদলেও অনেকটা পরিবর্তন আনা সম্ভব। পুরাতন কাঠের চেয়ার, নতুন ছাপার কাপড়ের কুশন আর পাশে একটি ছোট গাছ-এই সামান্য পরিবর্তনেই ঘরের কোণ হয়ে উঠতে পারে নজরকাড়া।
একই আসবাবের নতুন ব্যবহার
পুরাতন আসবাব নতুনভাবে ব্যবহারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার ব্যবহার বদলে দেওয়া। যে কাঠের সিঁড়িটি আর কাজে লাগে না, সেটিকে দেওয়ালে বসিয়ে তৈরি করা যায় বই বা গাছ রাখার তাক। পুরাতন ড্রয়ার দিয়ে বানানো যেতে পারে ছোট স্টোরেজ বক্স। অপ্রয়োজনীয় কাঠের দরজা পালিশ করে তৈরি হতে পারে টেবিলের উপরিভাগ। বড় আলমারি যদি পোশাক রাখার কাজে আর ব্যবহারযোগ্য না হয়, তাহলে সেটিকে বইয়ের তাক বা ক্রোকারিজ ক্যাবিনেট হিসেবেও ব্যবহার করতে পারেন।
কারিগরের হাতের ছোঁয়া
পুরাতন আসবাব নতুন করে ব্যবহার করার আগে তার কাঠামো পরীক্ষা করা জরুরি। কাঠে উইপোকা ধরেছে কিনা, কোথাও পচন ধরেছে কিনা, জোড় আলগা হয়েছে কিনা-এসব আগে দেখা দরকার। শুধু বাইরে থেকে রং করে দিলেই সব সমস্যার সমাধান হয় না।
খরচ কম, পরিবেশেরও উপকার
পুরাতন আসবাব পুনর্ব্যবহারের আরেকটি বড় সুবিধা হল খরচ কমানো। নতুন কাঠের আসবাব তৈরিতে কাঠ, শ্রম ও পরিবহনের খরচ থাকে। পুরাতন আসবাব সংস্কার করলে সেই খরচের অনেকটাই কমানো সম্ভব।
পুরাতন মানেই অচল নয়
পুরাতন আসবাবের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় তার বয়স নয়, আমাদের দৃষ্টিভঙ্গি। চেয়ার, আলমারি, টেবিল বাদ দেওয়ার আগে একবার ভাবা যাক। হয়তো তার কাঠ এখনও শক্ত, স্মৃতিগুলো এখনও জীবন্ত, শুধু প্রয়োজন একটু যত্নের। নতুনের ঝলক সাময়িকভাবে চোখ টানে, কিন্তু পুরাতনের সঙ্গে জড়িয়ে থাকা গল্প ঘরকে দেয় অন্যরকম উষ্ণতা।
Publisher & Editor