বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিক্রি হয়ে যেতে পারে হামজা চৌধুরীর লেস্টার সিটি

প্রকাশিত: ০৩:৩৬, ১৩ আগস্ট ২০২৬ | ১৭

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী নতুন এক পরিবর্তনের সাক্ষী হতে পারেন। হামজার ক্লাব লেস্টার সিটি বিক্রির জন্য বাজারে তুলেছে থাই মালিক স্রিভাদ্ধনপ্রভা পরিবার।

পুরো ক্লাব ও এর সঙ্গে থাকা বিভিন্ন সম্পদের জন্য তারা প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৬৯৬ কোটি ২৩ লাখ টাকা) চাইছে।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সম্ভাব্য ক্রেতাদের কাছে লেস্টার সিটি ও তাদের সংশ্লিষ্ট সম্পদ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপ একটি বিক্রয় নথি তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট লাইনআপ।

হামজার ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লেস্টার সিটি।

ক্লাবটির সঙ্গে তার ২১ বছরের সম্পর্ক। লেস্টারের একাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নেন তিনি। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন হামজা। তাই ক্লাবটির মালিকানা পরিবর্তনের খবরটি বাংলাদেশের ফুটবল অনুসারীদের জন্যও বিশেষ আগ্রহের।

তবে লেস্টার সিটি এখন আর আগের জায়গায় নেই। ২০১৫-১৬ মৌসুমে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নেমে গেছে। আর্থিক সংকট ও মাঠের ব্যর্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটির অবস্থার বড় অবনতি হয়েছে।

২০২১ সালের পর প্রকাশিত সর্বশেষ চারটি অর্থনৈতিক হিসাব অনুযায়ী, লেস্টারের লোকসান হয়েছে যথাক্রমে ৯ কোটি ২৫ লাখ, ৮ কোটি ৯৭ লাখ, ১ কোটি ৯৪ লাখ ও ৭ কোটি ১১ লাখ পাউন্ড। ২০২৪-২৫ মৌসুমে দলটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়।

পরে আবার চ্যাম্পিয়নশিপ থেকেও নেমে যায় লিগ ওয়ানে। এই পরিস্থিতিতে মালিকপক্ষ ৩০ কোটি ডলার চাইলেও সম্ভাব্য ক্রেতারা তার চেয়ে কম দাম প্রস্তাব করতে পারেন। সংশ্লিষ্ট একটি সূত্রের মতে, শেষ পর্যন্ত প্রায় ২০ কোটি ডলারে (২ হাজার ৪৬৪ কোটি ১৫ লাখ টাকা) বিক্রি হওয়ার সম্ভাবনাই বেশি।

থাই মালিকরা লেস্টার সিটির পুরুষ ও নারী দল এবং একাডেমির পাশাপাশি কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ প্রশিক্ষণকেন্দ্র, বেলভয়ার ড্রাইভ এবং বেলজিয়ামের ক্লাব ওএইচ লুভেনকেও বিক্রির প্যাকেজে রেখেছেন।

এদিকে হামজারও লেস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার গুঞ্জন চলছে। আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস কয়েক দিন আগে দাবি করেছে, দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বাংলাদেশি তারকা। 

Mahfuzur Rahman

Publisher & Editor