রবিবার, ০৯ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট নিয়ে সুখবর

প্রকাশিত: ০৪:১১, ০৮ আগস্ট ২০২৬ | ১৭

মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম। কোরি রকিচেলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন তিনি। ওই ইনিংসে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পাওয়া তাইজুলকে নিয়ে সুখবর মিলেছে। 

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তাইজুল। তবে চোটের কারণে আর প্রথম ইনিংসে বল করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান।

তাইজুলের আঙুলের বর্তমান পরিস্থিতি ও চোট কতটা গুরুতর তা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেন, ‘তাইজুল ইসলাম ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পান। তারপর থেকে ওটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছিলাম। গতকাল পুরোদিন বিশ্রামে ছিলেন। আবারও পর্যবেক্ষণ করা হয়েছে। ফোলা এবং ব্যথা কমে গিয়েছে। আশা করছি প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবে।’

১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। তার আগে প্রস্তুতি ম্যাচে বড় হোঁচট খেয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে তারা ইনিংস এবং ৩৪ রানের ব্যবধানে হেরেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor