রবিবার, ০৯ আগস্ট ২০২৬

রদ্রির শূন্যতা পূরণে আর্জেন্টাইন তারকাকে চায় ম্যানসিটি

প্রকাশিত: ০৪:০৯, ০৮ আগস্ট ২০২৬ | ১৩

এখনও নিশ্চিত হয়নি রদ্রিগো হার্নান্দেজের দলবদল। তবে তিনি ম্যানচেস্টার সিটি যে ছাড়তে চান তা স্পষ্ট। রিয়াল মাদ্রিদের প্রতি নিজের ইতিবাচক মনোভাব ও আগ্রহ দেখিয়ে আসলেও, তিনি ইউটার্ন নিয়েছেন বার্সেলোনার দিকে। শেষ পর্যন্ত সেই দলবদল সম্পন্ন হয় কি না তা অনিশ্চিত। তবে রদ্রিকে হারানোর শঙ্কায় তার উপযুক্ত বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকা এনজোর ফার্নান্দেজের দিকে নজর রয়েছে সিটির।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, সিটির কোচ এনজো মারেসকা আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহী। লন্ডনের ক্লাব চেলসিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই এনজোর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। মার্জিওর দাবি– রদ্রি দল ছাড়ার সম্ভাবনা বাড়তে থাকায় মিডফিল্ড শক্তিশালী করতে এনজোই এখন মারেস্কার ‘স্বপ্নের’ সাইনিং।

অন্যদিকে, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে বার্সেলোনা ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং চলতি দলবদল মৌসুমেই তাকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, কাতালান ক্লাবের প্রকল্পও পছন্দ হয়েছে স্প্যানিশ তারকার। তাই স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর সম্ভাবনা মাথায় রেখেই বিকল্প পরিকল্পনা সাজাচ্ছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

সিটি কোচ মারেসকার বিশ্বাস, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে অভিজ্ঞতা ও মান উভয়ই যোগ করতে পারবেন। মার্কার তথ্যমতে, আলবিসেলেস্তে তারকাও ম্যানসিটিতে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করতে রাজি আছেন। তার ক্লাব চেলসি সন্তোষজনক প্রস্তাব পেলে তাকে ছাড়তে আলোচনায় বসতে প্রস্তুত।

তবে এই সম্ভাব্য চুক্তিকে বেশ জটিল বলেই মনে করা হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে ১২ কোটি ১০ লাখ ইউরো খরচ করে এনজোকে দলে নিয়েছিল চেলসি। বর্তমানে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। এখন পর্যন্ত ম্যানসিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার খবর পাওয়া যায়নি।

এনজোর পাশাপাশি সিটির নজরে রয়েছেন ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দিও। তরুণ এই ফুটবলারকে ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় হিসেবে দেখা হলেও, প্রিমিয়ার লিগে অভিজ্ঞতার অভাব এনজোকে এগিয়ে রাখছে সিটির মূল্যায়নে। সবমিলিয়ে রদ্রির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন মিডফিল্ডার খোঁজার তৎপরতা চালাচ্ছে পেপ গার্দিওলার রেখে যাওয়া ইতিহাদের ক্লাবটি।

Mahfuzur Rahman

Publisher & Editor