রবিবার, ০৯ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ৩, আহত ১০

প্রকাশিত: ০৩:২০, ০৮ আগস্ট ২০২৬ | ২০

রাতের আঁধারে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলায় উভয় পক্ষে অন্তত ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিভের ব্রোভারি জেলায় রাশিয়ার হামলায় ১ শিশুসহ ৩ জন নিহত এবং ৩ জন আহত হন বলে নিশ্চিত করেছে দেশটির সিটি সামরিক প্রশাসনের প্রধান। খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে বসতবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তারা কিভের সামরিক-শিল্প সুবিধা ও জ্বালানির ডিপো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। এছাড়া ওডেসা সংলগ্ন সাগরে ইউক্রেনীয় বন্দরে অস্ত্র বহনকারী দুটি মালবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়।

পাল্টা হিসেবে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে আগুন ধরে যায় এবং ৫ জন আহত হন বলে ক্রাসনোদার অপারেশনাল হেডকোয়ার্টার জানিয়েছে।

লিপেৎস্কের গভর্নর জানান, জাদোনস্ক শহরে ড্রোন বিধ্বস্ত হয়ে ২ জন আহত এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সামারা অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠানেও ইউক্রেনীয় ড্রোন হামলা চালিয়েছে বলে সেখানকার গভর্নর ব্যাচেসলাভ ফেদোরিশচেভ নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা নিজেদের ভূখণ্ড, ক্রিমিয়া ও আজভ সাগরের ওপর ইউক্রেনের ৩৯৭টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে। সংঘাত চলমান থাকায় কোনো পক্ষ থেকেই এসব দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Mahfuzur Rahman

Publisher & Editor