ফারহান আলী ওয়াহিদকে পেতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে হামজা চৌধুরী দেড় বছর হলো বাংলাদেশ দলে থিতু হয়েছেন। দুজন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামছেন, এমন স্বপ্ন বাংলাদেশ দেখছে কিছুদিন হলো। তবে সতীর্থ হওয়ার আগেই একে অপরের মুখোমুখি হতে চলেছেন দুজনে।
আসছে ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হচ্ছে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বিশেষ আকর্ষণ থাকবে দুই বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।
লেস্টার সিটির জার্সিতে খেলবেন হামজা চৌধুরী, আর প্রতিপক্ষ ফুলহ্যামের হয়ে মাঠে নামবেন ফারহান। জাতীয় দলে একসঙ্গে খেলার আগেই ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের এই মুখোমুখি অবস্থান বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে। ম্যাচে অবশ্য দুজনের লক্ষ্য থাকবে নিজ নিজ ক্লাবের জয়, জাতীয় দল নয়।
ম্যাচটি নিয়ে ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান নিজেও। নিজের ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দিয়েছেন এই তরুণ লেফট উইঙ্গার।
সে ম্যাচে হামজা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। আগস্ট শেষের আগ পর্যন্ত জানা যাচ্ছে না বাংলাদেশি এই মিডফিল্ডার এই দলে থাকবেন কি না। ট্রান্সফার উইন্ডো শেষ হলে তবেই জানা যাবে তিনি লেস্টার সিটিতে থাকছেন নাকি পাড়ি জমাচ্ছেন অন্য কোথাও।
প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা ও এফএ কাপ জয়ী হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের মধ্যমাঠে নেতৃত্ব ও গতি দুটোতেই এসেছে পরিবর্তন। অন্যদিকে ফুলহ্যামের যুব দলে ভালো পারফরম্যান্সের সুবাদে আলোচনায় থাকা ১৯ বছর বয়সী ফারহানকে দেখা হচ্ছে বাংলাদেশের আক্রমণভাগের সম্ভাবনাময় মুখ হিসেবে।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাফুফে। তা হলে সাফে হামজা-ফারহান জুটি একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা তৈরি হবে, যা নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
Publisher & Editor