শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঢাকায় পা রাখলেন মধুমিতা

প্রকাশিত: ০৫:২২, ০১ আগস্ট ২০২৬ | ১৩

স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।
 
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত। এই আয়োজনে অংশ নিতেই মধুমিতার বাংলাদেশ সফর বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মো. ইকবাল।

তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’

সিনেমাটির শুটিং শুরুর সময়সূচি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আজ শুধু মহরত অনুষ্ঠিত হবে। সিনেমার শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।’

‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন।
ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। এ ছাড়া শনিবারের মহরত অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাওয়া সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর মুক্তির তারিখ জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Mahfuzur Rahman

Publisher & Editor