শনিবার, ০১ আগস্ট ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না : রিজভী

প্রকাশিত: ০৫:০৪, ০১ আগস্ট ২০২৬ | ১১

পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির বা নিরাপদ থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে ডুবে যাবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে নাটোর জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে রিজভী আহমেদ বলেন, ‘নজরুল ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। তিনি শুধু মুসলমানদের নন, হিন্দু-খ্রিস্টানসহ সব মানুষের কবি।

যারা নজরুলকে নিয়ে সমালোচনা করেন, তারা তার সাহিত্য ও দর্শন সম্পর্কে না জেনেই মন্তব্য করেন।’ এ সময় তিনি সবাইকে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সরকারের উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং খাল-বিল পুনঃখননের কাজও চলমান।

বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পাশাপাশি নতুন শিল্পসংযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমালোচনা করুন, সরকারের নীতির বিরোধিতা করুন—এটি গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনার সময়ের মতো এখন আর সেলফ-সেন্সরশিপের পরিবেশ নেই। তবে মতপ্রকাশের স্বাধীনতা দায়িত্বশীল হতে হবে।

এর আগে দুপুরে নাটোর সুগার মিল পরিদর্শন করেন রুহুল কবীর রিজভী। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘মৌসুমনির্ভর চিনিকলগুলোকে সারা বছর উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে উৎপাদনমুখী রাখার পরিকল্পনা করছে সরকার। ঢাকাকেন্দ্রিক শিল্পায়নের বাইরে গিয়ে বিসিক শিল্পনগরীসহ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং বিএনপিকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।’ ৫ আগস্টের গণ-আন্দোলনের চেতনা যেন বিনষ্ট না হয়, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Mahfuzur Rahman

Publisher & Editor