যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মরণে একটি সড়কের পুনঃনামকরণ করা হয়েছে। ১৮ জুলাই শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি যে বাসায় বসবাস করতেন, সেই বাসার সামনের সড়কে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, বাবা এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
সিটির নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পেশাগত নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সড়কটির নামকরণ করা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক বিবৃতিতে বলেন, দিদারুল ইসলামের বাসস্থানের সড়কে তার নামে নামফলক স্থাপনের মাধ্যমে নিউইয়র্ক সিটি তার বীরত্ব ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখল। কোনো ব্যক্তির নামে রাস্তার নামকরণ করা হলে সেই ব্যক্তির জীবন ও অবদান শহরের ইতিহাসের অংশ হয়ে যায়।
গত বছরের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে বন্দুকধারী শেনে তামুরার হামলায় চারজন নিহত হন। হামলা প্রতিরোধে এগিয়ে গেলে দিদারুল ইসলামও বন্দুকধারীর গুলিতে নিহত হন। সে সময় তিনি ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে এর আগে আরও তিন বাংলাদেশির স্মরণে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। এর একটি ব্রুকলিনের বেরিজ এলাকায় ‘শাকিলা-নূরল ইসলাম মিয়া’ সড়ক এবং অন্যটি ওজোন পার্কে ‘মিজানুর রহমান ওয়ে’। ৯/১১ হামলায় নিহত শাকিলা-নূরল ইসলাম মিয়া দম্পতি এবং দুর্বৃত্তের হামলায় নিহত ফটোসাংবাদিক মিজানুর রহমানের স্মরণে এসব সড়কের নামকরণ করা হয়।
Publisher & Editor