বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মোদির ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণার প্রতিক্রিয়ায় যা বলল সিজেপি

প্রকাশিত: ০২:১৬, ২৩ জুলাই ২০২৬ |

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সংক্ষিপ্ত এক পোস্টে দলটি লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।’

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দায় রয়েছে বলে দাবি করে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে সিজেপি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি একটি অংশ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত আছে।  যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Mahfuzur Rahman

Publisher & Editor