লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না তাসকিন আহমেদের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জাফনা কিংসের স্কোয়াডে থাকার কথা থাকলেও সেখান থেকে নিজের নাম তুলে নিয়েছেন এই তারকা পেসার।
ফলে জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কার বিমানে না চড়ে সোজা ঢাকা ফেরার পথ ধরছেন জাতীয় দলের এই তারকা।
শুরুর পরিকল্পনা অবশ্য কিছুটা ভিন্ন ছিল। এলপিএলে অংশ নিতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন তাসকিন। তবে পেস আক্রমণের সতীর্থ মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।
তাসকিনকে রেখে দেওয়া হয় টি-টোয়েন্টি স্কোয়াডেই। সিদ্ধান্ত ছিল, ছোট সংস্করণের সিরিজটি শেষ করেই শ্রীলঙ্কার পথ ধরবেন তিনি।
তবে শেষ পর্যন্ত সেই পথ থেকেও সরে দাঁড়ালেন দেশের এই গতি তারকা। কারণ একটাই, সামনেই দাঁড়িয়ে অস্ট্রেলিয়া সিরিজের কঠিন চ্যালেঞ্জ।
আগামী মাসের প্রথম সপ্তাহেই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ক্যাঙ্গারুর দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সেই লাল বলের মহারণের জন্য নিজেকে শতভাগ ফিট রাখতেই এলপিএল থেকে বিরতি নেওয়ার এই সিদ্ধান্ত। দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের নিবিড় প্রস্তুতিতেই মনোযোগ দেবেন তিনি।
এদিকে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা নিয়ে আর বেশি অপেক্ষা করতে হবে না। আগামী সপ্তাহের শুরুর দিকেই স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকমণ্ডলী।
দুই ম্যাচ সিরিজে হবে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মধ্য দিয়ে লড়াই শুরু করবে দু’দল। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে গড়াড়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কোনো টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হবে সিরিজটি।
Publisher & Editor