বুধবার, ২২ জুলাই ২০২৬

দ. লেবাননে সেনা মোতায়েন ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

প্রকাশিত: ০২:৫৯, ২২ জুলাই ২০২৬ | ১১

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে ওয়াশিংটনে স্বাক্ষরিত লেবানন-ইসরায়েল কাঠামো চুক্তির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের ‘পাইলট জোন’ প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়েছে। এর আওতায় জাওতার আল-গারবিয়া এলাকায় সেনা মোতায়েন করেছে লেবানন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত থাকা বহু বাসিন্দা নিজ গ্রামে ফিরতে শুরু করেছেন।

লেবাননের সেনাবাহিনী গতকাল মঙ্গলবার জানায়, তারা জাওতার আল-গারবিয়ায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। চুক্তি অনুযায়ী, ইসরায়েল দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর ওই সব এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে দক্ষিণ লেবাননের আরও কয়েকটি দখল করা এলাকায় ইসরায়েলি বাহিনী এখনো অবস্থান করছে।

ইসরায়েল বলছে, লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। হিজবুল্লাহ তাদের অস্ত্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বলে দাবি করে আসছে।

এরই মধ্যে ফ্রুন ও আশপাশের গ্রামের বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন। স্থানীয়দের একটি অংশের দাবি, তাদের গ্রাম কখনোই ইসরায়েলি বাহিনীর দখলে ছিল না। তাই এসব এলাকাকে ‘পাইলট জোনে’ অন্তর্ভুক্ত করা বাস্তবে ইসরায়েলের কোনো ছাড় নয়।

দক্ষিণ লেবাননের অনেক এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত। ফ্রুনে বহু পরিবার নিজেদের বাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে যা কিছু অবশিষ্ট আছে তা উদ্ধার করার চেষ্টা করছে। তাদের আশা, পরিস্থিতি যতই কঠিন হোক, একদিন তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

ঘান্দুরিয়েহ গ্রামে প্রায় ২৬০টি বাড়ির মধ্যে ২৫০টিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পৌর পরিষদের প্রধান মোহাম্মদ নাদের।

গতকাল ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আলোচ্যসূচির অন্যতম বিষয় ছিল দক্ষিণ লেবাননে রাষ্ট্রীয় কর্তৃত্ব জোরদার করা। লেবানন সরকার মনে করছে, এসব এলাকায় সেনাবাহিনীর উপস্থিতিই রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রমাণ।

প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় ৮০০ শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীসহ ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে সীমান্তের উভয় পাশে তাদের ৩৭ সেনা ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Mahfuzur Rahman

Publisher & Editor