মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ৮৪ কোটি রুপিতে (যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি) একটি নতুন বাংলো কিনেছেন বলিউড তারকা জন আব্রাহাম। সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা গেছে, চলতি বছরের ১৪ জুলাই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।
বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে অবস্থিত এই ফ্রিহোল্ড সম্পত্তিটির প্লটের আয়তন ১,০১৭.৬০ বর্গমিটার। এতে একটি বাংলো ও আউটহাউস রয়েছে। সম্পত্তিটি হস্তান্তরের সময় জন আব্রাহাম স্ট্যাম্প ডিউটি বাবদ ৫.০৪ কোটি রূপি প্রদান করেছেন রিয়েল এস্টেট খাতে এর আগেও বড় বিনিয়োগ করেছেন জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৭০.৮৩ কোটিতে আরো একটি বাংলো কিনেছিলেন, যার জন্য তাকে ৪.২৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল।
কাজের ক্ষেত্রে জন আব্রাহাম বর্তমানে রোহিত শেঠির একটি জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাউ’ অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, যেখানে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ও ২৬/১১ সন্ত্রাসী হামলার মতো বড় অপরাধ তদন্তে তার ভূমিকা তুলে ধরা হবে। বাস্তব জীবনের এই আইকনিক চরিত্রে অভিনয় নিয়ে জন আব্রাহাম জানান, কেবল চেহারা বা অঙ্গভঙ্গি অনুকরণ করা নয়, বরং রাকেশ মারিয়ার মানসিকতা ও কাজের চাপ অনুধাবন করাই তার মূল লক্ষ্য। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যুক্ত এমন একজন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাকে তিনি বড় একটি চ্যালেঞ্জ ও দায়িত্ব হিসেবে দেখছেন।
Publisher & Editor