রবিবার, ১২ জুলাই ২০২৬

ভিনগ্রহে তোমার ওজন কত?

প্রকাশিত: ০৩:৫১, ১২ জুলাই ২০২৬ |

কল্পনা করো, তুমি পৃথিবীর একটি ওজন মাপার মেশিনে দাঁড়ালে। সেটি দেখাল, তোমার ওজন ৩০ কেজি।

কিন্তু একই মেশিন নিয়ে যদি তুমি মহাকাশযানে চড়ে অন্য কোনো গ্রহে যাও, তাহলে কি তোমার ওজন একই থাকবে? একদমই না! কোনো গ্রহে গিয়ে তুমি হয়তো নিজেকে তুলার মতো হালকা অনুভব করবে, আবার কোথাও গিয়ে নিজের শরীরটাকেই মনে হবে পাথরের মতো ভারী। এই ম্যাজিকের কারণ মাধ্যাকর্ষণ শক্তি। প্রতিটি গ্রহ তার নিজের কেন্দ্রের দিকে সবকিছু টেনে ধরে রাখে। যে গ্রহ যত বড় বা যার ভর যত বেশি, তার টানও তত বেশি।

আর এই টানের ওপরই নির্ভর করে তোমার ওজন।
চাঁদ আমাদের পৃথিবীর চেয়ে অনেক ছোট। তাই এর টানও খুব কম—পৃথিবীর মাত্র ছয় ভাগের এক ভাগ। পৃথিবীতে তোমার ওজন ৩০ কেজি হলে চাঁদে তোমার ওজন হবে মাত্র ৫ কেজি! অর্থাৎ একটি বড় তরমুজের সমান।

সেখানে তুমি যদি একটা লাফ দাও, তাহলে পৃথিবীর তুলনায় ছয় গুণ উঁচুতে উঠে যাবে। নিজেকে অনেকটা সুপারম্যানের মতো মনে হবে তোমার! আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এটি এতই বিশাল যে এর মাধ্যাকর্ষণ শক্তিও প্রচণ্ড। পৃথিবীতে তোমার ওজন ৩০ কেজি হলে বৃহস্পতিতে গিয়ে দাঁড়ালে তোমার ওজন হয়ে যাবে প্রায় ৭৫.৯ কেজি! সেখানে হাঁটাচলা তোমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ তোমার নিজের শরীরটাই তখন পাহাড়ের মতো ভারী মনে হবে।

লাল গ্রহ মঙ্গল পৃথিবীর চেয়ে বেশ ছোট। সেখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাত্র ৩৮ শতাংশ। তাই পৃথিবীতে তোমার ওজন ৩০ কেজি হলে মঙ্গলে হবে মাত্র ১১.৪ কেজি। তার মানে, মঙ্গলে তুমি পৃথিবীর চেয়ে অনেক বেশি চনমনে আর হালকা অনুভব করবে। ওজন বনাম ভর : আসল রহস্য কী?
এখানে একটি মজার তথ্য আছে। মহাকাশের যেখানেই যাও না কেন, তোমার ভর (Mass) কিন্তু কখনো বদলায় না। তোমার শরীরের হাড়, রক্ত বা মাংসের পরিমাণ সবখানেই এক। শুধু গ্রহের টান বা মাধ্যাকর্ষণ বদলে যায় বলে তোমার ওজন কমে বা বেড়ে যায়। তাই পরের বার যখন মনে হবে তোমার ওজন বেড়ে গেছে, তখন মন খারাপ না করে ভেবে নিয়ো—তুমি আসলে ভুল গ্রহে আছ! হয়তো মঙ্গল বা চাঁদই তোমার জন্য একদম ঠিক জায়গা।

তথ্যসূত্র : নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি

একনজরে বিভিন্ন গ্রহে তোমার ওজন

ধরা যাক, পৃথিবীতে তোমার ওজন ৩০ কেজি। অন্য সব জায়গায় তোমার ওজন দাঁড়াবে—

বুধ (Mercury) : ১১.৩ কেজি

শুক্র (Venus) : ২৭.২ কেজি (প্রায় পৃথিবীর সমান)

মঙ্গল (Mars) : ১১.৪ কেজি

বৃহস্পতি (Jupiter) : ৭৫.৯ কেজি

শনি (Saturn) : ৩২ কেজি

ইউরেনাস (Uranus) : ২৭.৬ কেজি

নেপচুন (Neptune) : ৩৩.৭ কেজি

সূর্য (Sun) : ৮১১ কেজি!
(যদিও সেখানে দাঁড়ানো অসম্ভব)

Mahfuzur Rahman

Publisher & Editor