রবিবার, ১২ জুলাই ২০২৬

বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী

প্রকাশিত: ০৩:৩৬, ১২ জুলাই ২০২৬ | ১০

বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী বহু বছর ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বললেন, কেন এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না এবং কী শর্তে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি আছেন।

হেমা মালিনী জানান, বর্তমান যুগের সিনেমা তৈরির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তার পক্ষে বেশ কঠিন। তার মতে, সত্তর ও আশির দশকে সিনেমা তৈরির ধরন ছিল সম্পূর্ণ আলাদা এবং তখন শুটিং সেটে সবার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল। এখন প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি কাজের গতিও অনেক দ্রুত হয়েছে। পুরো শুটিং পদ্ধতিটাই বদলে যাওয়ায় এই নতুন ব্যবস্থার সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না।

ব্যক্তিগতভাবে পুরনো দিনের কাজের পদ্ধতিই তার বেশি প্রিয়।
সিনেমা থেকে দূরে থাকলেও রুপালি পর্দার প্রতি ভালোবাসা কমেনি হেমা মালিনীর। তবে শুধু পর্দায় নিজের উপস্থিতি জানানোর জন্য বা যেকোনো চরিত্রে তিনি অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি সিনেমাকে এখনো ভীষণ ভালোবাসি।

কিন্তু শুধু পর্দায় থাকার জন্য কোনো চরিত্র করতে চাই না। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেটা আমায় অনুপ্রাণিত করবে। তিনি জানান, যদি মনের মতো সঠিক কোনো চিত্রনাট্য পান, তবেই তিনি আবার অভিনয়ে ফিরবেন।’
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতারা যে ভিন্নধর্মী ও নতুন ধরনের কাজ করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখেন ও সম্মান করেন, তবে নিজের জন্য পুরনো আমেজটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor