বিখ্যাত সুপারমডেল বেলা হাদিদ উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামে বিশুদ্ধ পানির কূপ নির্মাণে অর্থায়ন করেছেন। ‘অ্যামি বেল চ্যারিটিজ’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে নির্মিত এই কূপটির নাম দেওয়া হয়েছে ‘বেলার কূপ’।
এর ফলে ওই এলাকার সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলো এখন খুব সহজেই নিরাপদ খাবার পানি পাবে। দাতব্য সংস্থা অ্যামি বেল চ্যারিটিজ জানিয়েছে, উগান্ডায় এটি তাদের নির্মিত ৯৯৯তম পানির কূপ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন এই টিউবওয়েলটির চারপাশে স্থানীয় শিশুরা আনন্দে জড়ো হয়ে আছে।হাতের কাছে বিশুদ্ধ পানি পাওয়ার ফলে স্থানীয়দের পানি সংগ্রহের কষ্ট ও সময় বাঁচবে।
এর ফলে এলাকার আরো বেশি শিশু নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ পাবে। শুধু কূপ স্থাপনই নয়, সংস্থাটি স্থানীয়দের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কেও সচেতন করছে, যা দীর্ঘমেয়াদে পানিবাহিত রোগ কমাতে সাহায্য করবে। বেলা হাদিদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবিক ও দাতব্য কাজে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে ত্রাণ সহায়তার পাশাপাশি ফিলিস্তিনি ঐতিহ্য ও অধিকার নিয়েও তিনি বেশ সোচ্চার।
২০২৪ সালের শুরুতে বেলা জানান, তার প্রসাধনী ব্র্যান্ড ‘ওরেবেলা’-এর আয়ের একটি অংশ দাতব্য উদ্যোগ ‘ওরেবেলা অ্যালকেমি ফাউন্ডেশন’-এ দান করা হচ্ছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ‘লাইমলাইট ফাউন্ডেশন’-এর সাথেও যুক্ত হয়েছেন তিনি। এই সংস্থাটি লাইম রোগে আক্রান্ত শিশু-কিশোরদের সাহায্য করে। উল্লেখ্য, বেলা নিজেও এই জটিল রোগে আক্রান্ত এবং সামাজিক মাধ্যমে নিজের চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে তিনি প্রায়ই খোলামেলা কথা বলেন।
বেলার বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি।
ফ্যাশন জগতে বেলা হাদিদ বর্তমানে একটি পরিচিত নাম। ২০১৪ সালে ‘আইএমজি মডেলস’-এর সাথে যুক্ত হওয়ার পর থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছেন। অনেক নামিদামি ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল থেকে সম্মানজনক ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাবও অর্জন করেছেন।
Publisher & Editor