আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার জার্সিতে দেখতে চান স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। শুধু ইচ্ছার কথাই জানাননি, আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে কাতালান ক্লাবে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, এ বিষয়টি নিয়ে আমি খুব বেশি ভাবিনি। তবে অবশ্যই আমি তাকে দলে চাইব। সে অসাধারণ একজন ফুটবলার। যদি সে আসে, আমরা তাকে সাদরে গ্রহণ করব। আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে বার্সেলোনায় আসতাম। সে যদি আসতে চায়, আমরা অপেক্ষা করব। আমি বলব, চলে এসো।
সম্প্রতি আতলেতিকো মাদ্রিদ ছাড়ার আগ্রহের কথা জানিয়েছেন আলভারেজ। যদিও সম্ভাব্য গন্তব্যের নাম প্রকাশ করেননি তিনি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বার্সেলোনায় খেলতে আগ্রহী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে পিএসজি, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পেতে রিয়াল মাদ্রিদের দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে আতলেতিকো।
তবে আলভারেজকে নিয়ে বার্সেলোনার প্রকাশ্য আগ্রহে অসন্তোষ প্রকাশ করেছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল মারিন সম্প্রতি মন্তব্য করেছেন, খেলোয়াড়টিকে নিয়ে বার্সেলোনার এমন অবস্থান ‘অসম্মানজনক’।
এদিকে স্পেনের হয়ে প্রথম বিশ্বকাপ খেলছেন ১৮ বছর বয়সি ইয়ামাল। চোট কাটিয়ে টুর্নামেন্টে ফিরেছেন তিনি। এ কারণে গ্রুপ পর্বে তাকে ধীরে ধীরে দলে অন্তর্ভুক্ত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ইয়ামাল বলেন, আমি শিখছি। জাতীয় দলের ফুটবল ক্লাব ফুটবলের চেয়ে ভিন্ন। চোটের পর কীভাবে ফিরে আসতে হয়, সেটিও শিখছি। এখন আমি খুব ভালো অনুভব করছি এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত।
চলমান বিশ্বকাপে যেসব ফুটবলার তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন, তাদের নামও জানিয়েছেন ইয়ামাল। তালিকার শীর্ষে রেখেছেন লিওনেল মেসিকে।
তিনি বলেন, মেসি তো আছেনই। সবাই জানে তিনি কী ধরনের ফুটবলার। তবে এবারও তিনি যে এমন উচ্চমানের ফুটবল খেলবেন, তা ভাবিনি। এছাড়া ভিনিসিয়ুস জুনিয়র ও ইসমাইল সাইবারির পারফরম্যান্সও আমার ভালো লেগেছে। আমার কাছে তারাই অন্যদের চেয়ে এগিয়ে।
Publisher & Editor