শনিবার, ২৭ জুন ২০২৬

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৩১ প্রেক্ষাগৃহে ‘রইদ’

প্রকাশিত: ০২:৩৫, ২৭ জুন ২০২৬ |

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ এবার উত্তর আমেরিকার দর্শকদের জন্যও মুক্তি পাচ্ছে। শুক্রবার (২৬ জুন) থেকে ২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩১টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। 

যুক্তরাষ্ট্রে ‘রইদ’-এর প্রদর্শনীর তালিকা প্রকাশ করেছে নর্থ আমেরিকা ডিস্ট্রিবিউশন বায়োস্কোপ ফিল্মস। তালিকা অনুযায়ী, নিউইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, কানসাস, টেনেসি, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, অ্যারিজোনা, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, অরেগন ও সিয়াটল—মোট ২০টি অঙ্গরাজ্যের ৩১টি প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে।

ঈদে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। ইতিবাচক পর্যালোচনার পাশাপাশি বক্স অফিসেও ভালো সাড়া পাচ্ছে ছবিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করছে সিনেমাটি।

পৌরাণিক গল্পের সঙ্গে সমকালীন সময়ের মেলবন্ধনে নির্মিত রূপকধর্মী গল্প নিয়ে ‘রইদ’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।

Mahfuzur Rahman

Publisher & Editor