মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

প্রকাশিত: ০৩:৫৭, ২৩ জুন ২০২৬ |

‘মিনিয়নস’ বা ‘ডেসপিকেবল মি’ এবং ‘সুপার মারিও ব্রোস’-এর মতো বিশ্ব কাঁপানো অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে আসছে এলিয়েন বা ভিনগ্রহী কেন্দ্রিক নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নট অ্যালোন’। আর এই সিনেমাতেই প্রধান দুইটি চরিত্রে কণ্ঠ দিতে একসঙ্গে জুটি বাঁধছেন হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ।

সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘অ্যান্সি অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এই সিনেমায় টিমোথি কণ্ঠ দিচ্ছেন ‘জো’ নামের চরিত্রে, যে একজন রকেট মেকানিক এবং একা শান্তিতে থাকতে ভালোবাসে। অন্যদিকে, সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্রান’ চরিত্রে, যে একজন অত্যন্ত মেধাবী জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-চালিত রকেট তৈরি করছে। গল্পে দেখা যাবে, এই বৈপ্লবিক রকেট মহাকাশে ছাড়ার প্রস্তুতির সময় জো ও ফ্রানের দেখা হয় এবং তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়।

কিন্তু প্রেম-ভালোবাসার বিষয়ে তারা দুজনেই একদম আনাড়ি।
জো ও ফ্রানের জীবন আরো জটিল হয়ে ওঠে যখন তিনটি দুষ্টু এলিয়েন এসে জো-এর বাড়িতে আশ্রয় নেয়। এই তিন ভিনগ্রহী—ডাঙ্ক, ওয়েলি ও শিরম মহাকাশের এক অদক্ষ আইনরক্ষকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারে যে, ফ্রানের তৈরি করা রকেটটিই তাদের নিরাপদে নিজেদের গ্রহে ফিরে যাওয়ার একমাত্র উপায়।

সিনেমাটির প্রযোজনা করছেন ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস মেলেডানড্রি। এ ছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয় পোয়েরেল, রিচার্ড কার্টিস ও ডেভিড ডিসটেনফেল্ড। নতুন ও মজার এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৭ সালের ১৬ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor