মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গোলে রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ জুন ২০২৬ |

শুধু লিওনেল মেসিই নন, বিশ্বকাপে উড়ছেন কিলিয়ান এমবাপ্পেও। পারফরম্যান্স দিয়ে দর্শক-সমর্থকদের বিমোহিত করে চলছেন তিনি।

ডি-বক্সের বাইরে থেকে করা অপূর্ব গোলটি মুগ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটের গোলটি সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে করা এমবাপ্পের গোলটি একবার হাইলাইটস দেখে নিতে পারেন। বাঁকানো শটটি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন।

গোলটির এমনি শক্তি। তাতে ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ গোলে রাঙালেন তিনি। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ইরাকের বিপক্ষে বিরতিতে গেছে ফ্রান্স।
৪১ মিনিটে জোড়া গোল পেতে পারতেন এমবাপ্পে।

শরীরকে দারুণভাবে স্পিন করিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকেছিলেন তিনি। তবে শট নেওয়ার মুহূর্তে হুসেইন আলি স্লাইড দিয়ে বলকে থামালে আর গোলটি পাওয়া হয়নি এমবাপ্পের। 
দলকে লিড এনে দেওয়া গোলে একটা কীর্তি গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো নাজারিওকে ছুঁয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ইরাকের বিপক্ষে করা তার প্রথম গোলটি বিশ্বকাপে ১৫তম।

সমান গোল ব্রাজিল কিংবদন্তিরও। 
যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে-রোনালদো। তাদের ওপরে আছেন মিরোস্লাভ ক্লোসা ও লিওনেল মেসি। ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন জার্মান কিংবদন্তি। তাকে আজ রাতেই ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এখন চূড়ায় এখন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোল ১৮। 

Mahfuzur Rahman

Publisher & Editor