বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্তভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক ‘মধুর সমস্যা’য় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশেষ করে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—কাকে দিয়ে শুরুর একাদশ সাজাবেন, তা নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মাঠে জালের দেখা না পেলেও তার অবিশ্বাস্য শারীরিক ফুটবল ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন খোদ স্কালোনি। তবে ম্যাচের ৫৫তম মিনিটে লাউতারোকে তুলে নিয়ে তিনি মাঠে নামিয়েছিলেন হুলিয়ান আলভারেজকে।
মজার বিষয় হলো, এই দৃশ্যটি কাতার বিশ্বকাপের সেই চেনা স্মৃতিকেই যেন ফিরিয়ে এনেছে। সেবারও প্রথম দুই ম্যাচে লাউতারোকে দিয়ে শুরু করলেও চোট ও ফর্মহীনতার কারণে তৃতীয় ম্যাচ থেকে তার জায়গা কেড়ে নিয়েছিলেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে আতলেতিকো মাদ্রিদের আলভারেজ এখন পুরোপুরি ফিট, যা স্কালোনির জন্য যেমন স্বস্তির, তেমনি একাদশ গড়ার ক্ষেত্রে বড় ভাবনারও।
আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া এই প্রতিযোগিতাকে দলের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন।
তার মতে, ‘মার্টিনেজ হলো একজন জাত ফিনিশার, বক্সের ভেতরের বাঘ। অন্যদিকে হুলিয়ান বক্সের ভেতরে ও বাইরে সমান কার্যকর এবং প্রতিপক্ষকে হাই-প্রেসিং করার ক্ষেত্রে তার সক্ষমতা অনেক বেশি।’ আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগেও কিছু পরিবর্তনের আভাস মিলছে। আলজেরিয়া ম্যাচে রাইট-ব্যাকে শুরুতে খেলেছিলেন গনজালো মন্তিয়েল, তবে দ্বিতীয়ার্ধেই তার জায়গায় নামানো হয় স্কালোনির নিয়মিত ভরসা নাহুয়েল মলিনাকে। অস্ট্রিয়ার গতিময় উইঙ্গারদের রুখতে মলিনা শুরুর একাদশে ফিরছেন—এটা প্রায় নিশ্চিত।
এদিকে কাফ ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি নির্ভরযোগ্য লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আশার বাণী শুনিয়েছে। তারা জানিয়েছে, তাগলিয়াফিকো মাঠে ফিরেছেন এবং ইতিবাচকভাবে সুস্থ হয়ে উঠছেন।
দল নির্বাচন নিয়ে স্কালোনি সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দল গঠন করতে ১১ জন খেলোয়াড় লাগে এবং আমি সবসময় নিখুঁত কম্বিনেশনের খোঁজ করি।’
অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার জিতলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ১৬ বা নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের। এখন দেখার বিষয়, এই মধুর সমস্যা সামলে কেমন একাদশ মাঠে নামান মাস্টারমাইন্ড স্কালোনি।
Publisher & Editor