বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড।
একই সঙ্গে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শও।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আইপিএলের ব্যস্ত মৌসুম শেষ করে বিশ্রামের প্রয়োজন হওয়ায় হেডকে ছুটি দেওয়া হয়েছে। আগামী ১২ মাসে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় তার কাজের চাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবারও দেখা যাবে বলে জানিয়েছেন নির্বাচক টনি ডোডেমাইড।
এদিকে পাকিস্তান সফরের সময় হ্যামস্ট্রিং চোটে পড়া লেগস্পিনার তানভির সাঙ্গাও ছিটকে গেছেন দল থেকে। তার পরিবর্তে প্রথমবারের মতো সীমিত ওভারের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি।
চোটের কারণে পাকিস্তান সফরও মিস করেছিলেন মিচেল মার্শ। আশা করা হয়েছিল বাংলাদেশ সফরে ফিরবেন তিনি, কিন্তু গোড়ালির সমস্যার কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না।
তবে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলার লক্ষ্যে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
মার্শ ও হেডের অনুপস্থিতিতে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। পাকিস্তান সফরেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
হেড ও মার্শের জায়গায় দলে রাখা হয়েছে ম্যাট শর্ট ও তরুণ ব্যাটার অলি পিককে।
পাকিস্তান সফরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুজনই। বিশেষ করে অলি পিক অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক করা সর্বকনিষ্ঠ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নজর কাড়েন।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পাশাপাশি নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও শুরু করেছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা।
Publisher & Editor