দেশে ঈদে মুক্তির পর এবার আন্তর্জাতিক দর্শকদের সামনে আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে চলবে ‘রকস্টার’।
পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। পাশাপাশি কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি দেখা যাবে।
সংশ্লিষ্টদের মতে, হলিউডের ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রথম সপ্তাহেই এতগুলো প্রেক্ষাগৃহ নিশ্চিত করা সিনেমাটির জন্য বড় অর্জন।
তারা আশা করছেন, দর্শক সাড়া ইতিবাচক হলে আগামী সপ্তাহগুলোতে আরও নতুন প্রেক্ষাগৃহ যুক্ত হতে পারে।
উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় একজন রকস্টারের উত্থান, জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, ব্যক্তিগত জীবনের নানা সংকট এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
Publisher & Editor