ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ফাইনালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আগামী মৌসুমের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়েছেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া তার নামের পাশে যোগ হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট।
রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–২০২৬ এর ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলার সময় প্রথম ইনিংসের ১০ম ওভারে আম্পায়ার নিতিন মেননের দিকে ক্ষোভ প্রকাশ করে একটি আইস ব্যাগ ছুড়ে মারেন ডেভিড। এ ঘটনায় তাকে আইপিএলের আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আইপিএলের আচরণবিধির ২.৯ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলার সময় কোনো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম (যেমন পানির বোতল) অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ।
চলতি আইপিএল মৌসুমে এটি ছিল ডেভিডের তৃতীয় লেভেল-১ অপরাধ। এর আগে ২০ নম্বর ম্যাচে তিনি এক ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ৫৪ নম্বর ম্যাচে দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। সর্বশেষ দুই পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।
আইপিএলের শৃঙ্খলা বিধি অনুযায়ী, পাঁচ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় আগামী আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচে অথবা আইপিএল ২০২৭-এ যে দলের হয়ে তিনি খেলবেন, সেই দলের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে।
এই শাস্তির ফলে আগামী মৌসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ এক ম্যাচে ডেভিডকে ছাড়াই মাঠে নামতে হবে তার দলকে।
Publisher & Editor