‘ফ্রেন্ডস’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার দীর্ঘদিনের সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং প্রাণঘাতী ডোজ প্রয়োগের দায়ে এই সাজা ঘোষণা করা হয়েছে।
গত বুধবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইওয়ামাসাকে দুই বছরের প্রবেশন (তত্ত্বাবধান) এবং ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে তার সাজা কার্যকর হবে।
২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির বাথরুমের হটটাবে মৃত অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী ম্যাথিউ পেরিকে।
পরে ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়, কেটামিন নামের ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তদন্তে উঠে আসে, কোনো ধরনের মেডিক্যাল প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়াই কেনেথ ইওয়ামাসা নিয়মিত পেরির শরীরে কেটামিন ইনজেকশন পুশ করতেন। এমনকি মৃত্যুর দিনও তিনি অভিনেতাকে পরপর তিনটি কেটামিন ইনজেকশন দেন। পরে কিছু সময়ের জন্য বাইরে গিয়ে ফিরে এসে পেরিকে হটটাবে উপুড় হয়ে ভাসতে দেখেন।
ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় ২০২৪ সালে ইওয়ামাসাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক সরবরাহ ও ব্যবহারে সহায়তার অভিযোগ আনা হয়।
আদালতে ইওয়ামাসার আইনজীবীরা দাবি করেছিলেন, তিনি শুধু নিয়োগকর্তার নির্দেশ পালন করছিলেন এবং মাদকাসক্ত পেরিকে ‘না’ বলার অবস্থায় ছিলেন না। তবে বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি।
এর আগে ২০২৪ সালের আগস্টে ইওয়ামাসা নিজের অপরাধ স্বীকার করেন।
এই মামলার মাধ্যমে দীর্ঘ আড়াই বছরের আইনি প্রক্রিয়ার সমাপ্তি হলো। এর আগে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জাসভিন সাংঘাকে, যিনি ‘কেটামিন কুইন’ নামে পরিচিত, ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরো দুই চিকিৎসক ও এক সহযোগীকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
Publisher & Editor