শনিবার, ৩০ মে ২০২৬

বাংলাবাজার মসজিদের জামায়াতে নিউইয়র্ক সিটি মেয়র মামদানী ও কংগ্রেসওম্যান ওকাসিও

প্রকাশিত: ০২:১৯, ৩০ মে ২০২৬ | ১০

মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে ২৭ মে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। চমৎকার আবহাওয়া থাকায় বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নামে। ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। 

যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামায়াত। অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ।

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদের উদ্যোগে খোলা মাঠের বিশাল জামায়াতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী ও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদ ছাড়াও জ্যামাইকা মুসলিম সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত উপলক্ষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) এদিন সকাল সাড়ে ৮টা এ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী ও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এ বিশাল জমায়তে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এসময় বাংলাবাজার ইসলামিক সেন্টারের হাফিজ বদরুল আলম সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তারা ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাবাজার মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় জামাতের পূর্বে বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর, প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী। এসময় তাদের সাথে ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।

সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের প্রস্তাবিত বহুতল ভবণ নির্মান প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশের ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী প্রস্তাবিত মসজিদ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

ঈদ জামাতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী কমিটির সদস্যরা। এর মধ্যে ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।

বক্তারা বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
নামাজ শেষে বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সৌজন্যে খেজুর এবং নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র সৌজন্যে মুসল্লীদের পানি প্রদান করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor