বুধবার, ২০ মে ২০২৬

গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ

প্রকাশিত: ০১:২৯, ২০ মে ২০২৬ |

চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

চেক গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে আদালতে দোষী সাব্যস্ত হন এই কোচ। এফসি স্লোভাচকোর নারী খেলোয়াড়দের ড্রেসিং রুমে গোপনে ভিডিও করার অপরাধে তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং পাঁচ বছরের দেশীয় কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে কম বয়সীর বয়স ছিল মাত্র ১৭ বছর।

উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) একজন তদন্তকারী নিয়োগ করে ভ্লাখোভস্কির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখে। তদন্ত শেষে সংস্থাটি জানায়, তাকে ‘আজীবনের জন্য ফুটবল সম্পর্কিত যেকোনো কার্যক্রম থেকে নিষিদ্ধ’ করা হয়েছে।

উয়েফার বিবৃতিতে আরও বলা হয়, ‘সিইডিবি ফিফাকে অনুরোধ করেছে যাতে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়। পাশাপাশি চেক প্রজাতন্ত্রের ফুটবল সংস্থাকে ভ্লাখোভস্কির কোচিং লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।’

ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক ইউনিয়ন ফিফপ্রো এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, ‘এই সিদ্ধান্ত একটি শক্তিশালী এবং জরুরি বার্তা দেয় যে ফুটবলে অপব্যবহার ও অনুচিত আচরণের কোনো জায়গা নেই। খেলোয়াড়দের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করা খেলার প্রতিটি স্তরে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’

ভ্লাখোভস্কি এর আগে চেক নারী অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন। এফসি স্লোভাচকো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Mahfuzur Rahman

Publisher & Editor