স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক মঙ্গলবার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন। এই দলে সবচেয়ে কম বয়সী হলেন ১৯ বছরের ফিনলে কার্টিস আর সবচেয়ে বেশি বয়সী হলেন ৪৩ বছরের গোলকিপার ক্রেগ গর্ডন।
গর্ডন জানুয়ারি থেকে কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন। তারপরও তাকে দলে রাখা হয়েছে। ক্লার্ক বলেন, ‘গোলকিপার নিয়মিত না খেললে সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। কিন্তু হার্টস থেকে আমরা ভালো খবর পাচ্ছিলাম।’
তিনি আরও বলেন, ‘সে খুব ভালো অনুশীলন করছে। সে আমাদের বলেছে সে পুরোপুরি ফিট। সে অসাধারণ মনোবল দেখিয়েছে। সে জায়গা পাওয়ার যোগ্য। কোনো সমস্যা হলে আমাদের কাছে বিকল্প আছে।’
রেঞ্জার্স থেকে কিলমার্নকে ধার নেওয়া তরুণ কার্টিস ১৪টি ম্যাচে পাঁচটি গোল করে দলে জায়গা পেয়েছেন। কার্টিস প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘(কার্টিসের) মধ্যে একটু আলাদা কিছু আছে যা আমাদের অন্যদের মধ্যে নেই। সে গোল করতে পারে, এটা সে দেখিয়েছে। সে এই মৌসুমটা দারুণভাবে শেষ করেছে। দলে একজন তরুণ থাকা সবসময় ভালো।’
স্ট্রাইকার রস স্টুয়ার্টও ফিরেছেন দলে। ২০২২ সালের পর তিনি আর স্কটল্যান্ডের হয়ে মাঠে নামেননি। এই মৌসুমে সাউদাম্পটনের হয়ে ৩৩ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। ক্লার্ক বলেন, ‘(স্টুয়ার্ট) কয়েক বছর আগে আমার দলে ছিল, সে দেখিয়েছিল এই পর্যায়ে সে খেলতে পারে। চোটের কারণে তার অনেক কষ্ট হয়েছে। কিন্তু জানুয়ারি থেকে সে দারুণ ছন্দে আছে।’
তিনি আরও বলেন, ‘কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দেখিয়েছে সে বড় মঞ্চে প্রভাব ফেলতে পারে। সে এখন ফর্মে আছে, তাই তাকে দলে নিলাম।’
২৮ বছর পর এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। ৩০ মে দেশের মাঠে কুরাসাওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর তারা যুক্তরাষ্ট্রে যাবে। ৬ জুন নিউ জার্সিতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বেস ক্যাম্প হবে নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে। গ্রুপ সি-তে তাদের প্রথম ম্যাচ ১৩ জুন বোস্টনে হাইতির বিপক্ষে। এরপর ১৯ জুন বোস্টনে মরক্কো এবং ২৪ জুন মিয়ামিতে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল:
গোলকিপার: ক্রেগ গর্ডন (হার্টস), অ্যাঙ্গাস গান (নটিংহাম ফরেস্ট), লায়াম কেলি (রেঞ্জার্স)
ডিফেন্ডার: গ্রান্ট হ্যানলি (হাইবার্নিয়ান), জ্যাক হেন্ড্রি (আল-এত্তিফাক), অ্যারন হিকি (ব্রেন্টফোর্ড), ডমিনিক হায়াম (রেক্সহ্যাম), স্কট ম্যাকেনা (দিনামো জাগরেব), নেথান প্যাটার্সন (এভার্টন), অ্যান্থনি রালস্টন (সেলটিক), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল), জন সউটার (রেঞ্জার্স), কিয়েরান টিয়ার্নি (সেলটিক)
মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি (বোর্নমাউথ), ফিনলে কার্টিস (কিলমার্নক), লুইস ফার্গুসন (বোলোনিয়া), বেন গ্যানন-ডোক (বোর্নমাউথ), বিলি গিলমোর (নাপোলি), জন ম্যাকগিন (অ্যাস্টন ভিলা), কেনি ম্যাকলিন (নরউইচ সিটি), স্কট ম্যাকটমিনে (নাপোলি)
ফরোয়ার্ড: চে অ্যাডামস (তোরিনো), লিন্ডন ডাইকস (চার্লটন অ্যাথলেটিক), জর্জ হার্স্ট (ইপসুইচ টাউন), লরেন্স শ্যাঙ্কল্যান্ড (হার্টস), রস স্টুয়ার্ট (সাউদাম্পটন)
Publisher & Editor