শুক্রবার, ০৮ মে ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচে চোখ বাংলাদেশের

প্রকাশিত: ০৭:৫৪, ০৭ মে ২০২৬ | ১২

সীমিত সংস্করণে ভালো খেললেও টেস্টে বাংলাদেশের চিত্র উল্টো। তবে এবার দীর্ঘ সংস্করণেও দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ শীর্ষ পাঁচে থেকে শেষ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনিও বললেন যে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে) সাত নম্বরে শেষ করেছি। আমার মনে হয়, এটা ভালো একটা অর্জন। ধীরে ধীরে এই জায়গাতে উন্নতি হচ্ছে, আগের চক্রগুলোতে হয়নি। এ বছর টার্গেট থাকবে, গতবার থেকে আরেকটু যদি ভাল পারফর্ম করতে পারি।

চার-পাঁচে যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে সবার শেষে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে। গতবার অবশ্য উন্নতি করেন শান্ত-লিটন দাসরা। ৭ নম্বরে থেকে শেষ করেন তারা।

এবার আরও উন্নতি করাটা বেশ চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে খেলতে হবে।
তাই শীর্ষ পাঁচে থাকাটা যে চ্যালেঞ্জিং হবে সেটা মানছেন শান্তও। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘সামনে চ্যালেঞ্জ আছে বেশ কিছু। কিছু অ্যাওয়ে সিরিজ আছে, যা আমাদের জন্য একদমই নতুন হবে।

অস্ট্রেলিয়া সফর, দক্ষিণ আফ্রিকা আছে। আমার মনে হয়, যে সিরিজগুলো দেশে খেলব, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী ওই ধরণের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব। বিশেষ করে উইকেটের ক্ষেত্রে।’ বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে বাংলাদেশ। ২০২৫-২৭ চক্রে ২ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট ড্র করলেও শেষটিতে হেরেছে শান্তর দল।

Mahfuzur Rahman

Publisher & Editor