মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাঠে ফর্ম নেই, তবে অনুশীলনে ৩০ বলেই ৯৫ পান্তের

প্রকাশিত: ০৭:৩৩, ০৫ মে ২০২৬ |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। অফ-ফর্মে রয়েছেন দলনেতা রিশাভ পান্তও। তবে তাকে নিয়ে এক নতুন তথ্য দিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। সোমবারের ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচে পান্তের বিধ্বংসী ব্যাটিং দেখে অভিভূত হয়েছিলেন তিনি।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে পান্ত ৪ নম্বরে নেমে মাত্র ১৫ রান করে আউট হলেও ল্যাঙ্গার জানান যে দুই দিন আগেও পান্ত তার সেরা ছন্দে ছিলেন। ল্যাঙ্গার বলেন, ‘প্রস্তুতি ম্যাচে ঋষি (পান্ত) সম্ভবত ৩০ বা ৪০ বলে ৯৫ রান করেছিল। সেটা দেখে মনে হচ্ছিল আমরা আমাদের সেই চেনা বিধ্বংসী পান্তকে ফিরে পেয়েছি।’

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে নিকোলাস পুরানকে ৩ নম্বরে ব্যাট করার সুযোগ করে দিতে পান্ত নিজে ৪ নম্বরে নেমেছিলেন। ল্যাঙ্গার পান্তের এই সিদ্ধান্তকে নিঃস্বার্থ বলে অভিহিত করেছেন। যদিও পান্ত বড় রান পাননি, তবে পুরান ২১ বলে ৬৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন।

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় (২৭ কোটি টাকা) হওয়ার চাপ পান্তের ওপর প্রভাব ফেলছে কি না, এমন প্রশ্নের জবাবে ল্যাঙ্গার বলেন, ‘আমার মনে হয় না অর্থের সাথে এর কোনো সম্পর্ক আছে। তবে নেতৃত্বের জায়গাটি সবসময়ই চাপের। আর পান্ত সেই চাপ বয়ে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, পান্ত কঠিন পরিশ্রম করছেন এবং খুব দ্রুতই তিনি তার সেই স্বভাবসুলভ বিধ্বংসী রূপে ফিরবেন।’

Mahfuzur Rahman

Publisher & Editor