চোটের ধাক্কায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফেরল্যান্ড মেন্ডি। প্রায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে।
রবিবার লা লিগার ম্যাচে এস্পেনিওলকে ২-০ গোলে হারানোর ম্যাচে মাঠে ছিলেন এই তারকা। তবে ম্যাচের ১৪তম মিনিটেই ডান পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
পরদিন ক্লাবের অনুশীলন কেন্দ্র ভ্যালদেবেবাসে করা পরীক্ষায় নিশ্চিত হয়, মেন্ডির ডান পায়ের রেক্টাস ফেমোরিস টেনডনে চোট লেগেছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, তার সুস্থতা পর্যবেক্ষণে রাখা হবে।
ক্লাব সূত্র জানিয়েছে, এই চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
উল্লেখ্য, এক বছর আগেও একই ধরনের চোটে পড়েছিলেন মেন্ডি। তখন অস্ত্রোপচার করে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
চলতি মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি মেন্ডি। সব মিলিয়ে মাত্র ৯টি ম্যাচে দেখা গেছে তাকে।
২০১৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই চোট-সমস্যা তার পিছু ছাড়েনি।
এই চোটে তার ২০২৫-২৬ মৌসুম শেষ হয়ে গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এমনকি আগামী মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না।
এদিকে ২০২৪ সালের গ্রীষ্মে চুক্তি নবায়ন করলেও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রিয়াল মাদ্রিদ। তবে জানা গেছে, ২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মেন্ডি।
মেন্ডির পাশাপাশি চোটে পড়ে মৌসুমের বাকি অংশে অনিশ্চিত হয়ে পড়েছেন এদের মিলিতাও, আর্দা গুলের ও রদ্রিগো। এ ছাড়া বর্তমানে দলে নেই কিলিয়ান এমবাপ্পে ও দানি কার্ভাহাল।
আগামী রবিবার লিগের শীর্ষে থাকা বার্সেলোনার মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে বার্সার বিরুদ্ধে জয়ের বিকল্প নেই দলটির সামনে।
Publisher & Editor