সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হিলটন হোটেলেই ৪৫ বছর আগে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট রিগান

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ এপ্রিল ২০২৬ |

ঠিক ৪৫ বছর আগের সেই বিভীষিকাময় স্মৃতি যেন ফিরে এল ওয়াশিংটনের হিলটন হোটেলে। ১৯৮১ সালে এই হোটেলেই গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। এবার একই স্থানে হামলার লক্ষ্যবস্তু হলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার রাতে ওয়াশিংটনে হিলটন হোটেলে সাংবাদিকদের জন্য আয়োজিত বার্ষিক নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠান চলাকালীন কোল টমাস অ্যালেন নামে ৩১ বছর বয়সী এক যুবক সেখানে হামলা চালান। সংবাদ সংস্থা সিএনএন-এর তথ্য অনুযায়ী, ওই যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাদের গুলিতে আহত অবস্থায় টমাসকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ১৯৮১ সালের ৩০ মার্চের সেই রক্তক্ষয়ী স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে। সেদিন দায়িত্ব নেওয়ার মাত্র ৬৯ দিনের মাথায় এই হোটেলেই হামলার শিকার হন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। একটি সভা শেষে বেরোনোর সময় জন হিঙ্কলে জুনিয়র নামের এক যুবক তার ওপর ৬ রাউন্ড গুলি চালান। একটি বুলেট রিগানের ফুসফুসে বিঁধেছিল। তবে গুলিটি সরাসরি শরীরে না লেগে আগে গাড়ির দরজায় লেগে কিছুটা গতি পরিবর্তন করায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছিলেন।

সেদিনের সেই হামলায় রিগানের প্রেস সচিব জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ কর্মকর্তা টমাস ডেলাহান্টি গুরুতর আহত হয়েছিলেন। পরে জানা যায়, হামলাকারী হিঙ্কলে হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের অন্ধভক্ত ছিলেন। নিছক নাম কামানোর জন্যই তিনি এই হামলা চালিয়েছিলেন। তবে বিচারে তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ঘোষণা করে কারাগারে পাঠানোর বদলে মনোরোগ চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

৪৫ বছর পর একই স্থানে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় আবারও মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তবে এবারের হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Mahfuzur Rahman

Publisher & Editor