স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সিরিজ নির্মাণের মাধ্যমে দর্শকমহলে প্রশংসা কুড়ানোর পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।
যদিও এখনো সিনেমাটির কাস্টিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে—গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। ইতিমধ্যে তিনি কয়েক দিনের শুটিংও শেষ করেছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও নিজের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে সিনেমাটিতে আরো যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে তিনি এখনো শুটিংয়ে অংশ নেননি। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর অংশের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে ঘিরে।
জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশের গুপী বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে।
বর্তমানে ঢাকার প্রায় ২০টি লোকেশনে টানা শুটিং চলছে। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
Publisher & Editor