সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিংস-ফর্টিসের পয়েন্ট হারানোর দিনে জয় আবাহনী-মোহামেডানের

প্রকাশিত: ০২:৩১, ১৮ এপ্রিল ২০২৬ | ১৭

বাংলাদেশ ফুটবল লিগে দারুণ ছন্দে আছে বসুন্ধরা কিংস। তবে আজ সেই ছন্দ ধরে রেখে জয় তুলে নিতে পারেনি কিংস। রহমতগঞ্জের বিপক্ষে লিড নেওয়ার পরেও শেষে ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট টেবিলের টপারদের।

মুন্সীগঞ্জে ম্যাচের ১৩ মিনিটে লিড নিয়েছিল কিংস।

গোলটি করেছিলেন শাহরিয়ার ইমন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে রহমতগঞ্জ। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে রহমতগঞ্জকে এক পয়েন্ট এনে দেন আর্নেস্ট বোয়েটেং। পরে আর গোল না হলেও একটি করে লাল কার্ড দেখেছে দুই দলের দুজন।

বিশ্বনাথ ঘোষের ৬৮ মিনিটের বিপরীতে রহমতগঞ্জের হয়ে ৮১ মিনিটে দেখেছেন অভিষেক লিম্বু। পয়েন্ট হারালেও ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। বসুন্ধরা কিংস অ্যারেনায় ১০ জনের আরামবাগকে পেয়েও জয় পায়নি ফর্টিস। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ।

৫৮ মিনিটে আমির হাকিমের গলা ধরার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন আরামবাগের ফরোয়ার্ড ও অধিনায়ক পা ওমর বাবু। তবে বাকি সময়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ফর্টিস। অন্যদিকে দিনের অন্য দুই ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী-মোহামেডান। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পাওয়া আবাহনীর বিপরীতে ফকিরেরপুলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। কুমিল্লায় মোহামেডানের হয়ে গোল তিনটি করেছেন—জয় আহমেদ, মোহাম্মদ জুয়েল ও রাফায়েল টুডু।
 
গাজীপুরে পুলিশের বিপক্ষে এমেকা ওগবোগের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় আবাহনী। তবে লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি আকাশী-নীলরা। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পুলিশকে সমতায় ফেরায় বাবলু। দ্বিতীয়ার্ধে অবশ্য দুই গোল দিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে আবাহনী। গোল দুটি করেছেন আল আমিন ও মোরসালিন। মোরসালিনের জন্য অবশ্য শেষটা দুঃখের ছিল। ৮৯ মিনিটে লাল কার্ড দেখেছেন তিনি। তার আগে পুলিশের ডিফেন্ডার নীরবও লাল কার্ড দেখেছেন।  

Mahfuzur Rahman

Publisher & Editor