ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্কের খবর বেশ চর্চিত। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেও, আমিরের জীবনে নারীঘটিত গুঞ্জন এই প্রথম নয়। দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে আরো পাঁচজন নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর প্রীতি জিনতার সঙ্গে আমিরের সম্পর্কের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন ওঠে। কাকতালীয়ভাবে, এই ছবির পরপরই প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদ ঘটলে সেই জল্পনা আরো জোরালো হয়।
‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবিতে পূজা ভাটের সঙ্গে আমিরের পর্দার রসায়ন বাস্তবেও প্রেমের গুঞ্জন তৈরি করেছিল।
যদিও পূজা পরে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ ছাড়া ১৯৯৫ সালে ‘বাজি’ ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী মমতা কুলকার্নীর সঙ্গেও আমিরের ঘনিষ্ঠতার খবর শোনা গিয়েছিল। নব্বইয়ের দশকে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে আমিরের সম্পর্ক বলিউডে ব্যাপক ঝড় তোলে। ২০০৫ সালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আমির ও জেসিকা লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং তাদের একটি সন্তানও রয়েছে।
তবে এই স্পর্শকাতর বিষয়ে আমির কখনোই কোনো প্রতিক্রিয়া দেননি। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গেই থিতু হয়েছেন এই মহাতারকা। জীবনের ছয়টি দশক পার করলেও আমিরের প্রেম ও ব্যক্তিগত জীবন আজও ভক্তদের কাছে এক রহস্যময় অধ্যায়।
Publisher & Editor