শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে নেইমারের

প্রকাশিত: ০৭:০৭, ০৪ এপ্রিল ২০২৬ |

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট থাকতে হবে—এমন কড়া বার্তা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এই লক্ষ্য সামনে রেখে নেইমার সান্তোসের হয়ে নিয়মিত খেলার চেষ্টা করছিলেন।

তবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বাকি থাকা ১৪ ম্যাচের মিশনে নেমেই তিনি ধাক্কা খেয়েছেন। এক ম্যাচ খেলেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়েছেন নেইমার, ফলে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে দেওয়া মন্তব্যের কারণে আরও বড় শাস্তির আশঙ্কা তৈরি হয়েছে।

সান্তোসের পরবর্তী ম্যাচটি ফ্লেমিংগোর বিপক্ষে, যেখানে নিজের ফিটনেস প্রমাণের সুযোগ ছিল নেইমারের। রেমোর বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে পেছন থেকে ফাউল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর রেফারি নেইমারকে হলুদ কার্ড দেখান, যা তিনি মেনে নিতে পারেননি।

ম্যাচ শেষে নেইমার বলেন, তাকে বারবার ফাউল করা হলেও বিচার হয়নি, বরং প্রতিবাদ করায় তিনি কার্ড দেখেছেন। তিনি রেফারির আচরণ নিয়েও কঠোর সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে, রেফারি খেলোয়াড়দের প্রতি অসম্মান দেখাচ্ছেন। তবে তার বক্তব্যের শেষাংশে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা।

এর আগে এমন মন্তব্যের কারণে গুস্তাভো মার্কোস নামে এক ডিফেন্ডারকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তাই নেইমারের ক্ষেত্রেও বড় শাস্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে 'ও গ্লোবো'। ব্রাজিলের স্পোর্টস জাস্টিস কোড অনুযায়ী, বৈষম্যমূলক বা অবমাননাকর মন্তব্য করলে ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে, এমনকি জরিমানাও গুনতে হতে পারে।

যদি নেইমার এরকম কোনো শাস্তির মুখে পড়েন, তাহলে বিশ্বকাপে খেলার স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে। কারণ জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে শুধু খেললেই হবে না, বরং সম্পূর্ণ ফিট থাকার প্রমাণও দিতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor