সোমবার, ৩০ মার্চ ২০২৬

বল টেম্পারিংয়ে ফেঁসে যাচ্ছেন ফখর?

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ মার্চ ২০২৬ | ১২

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। অভিযোগ উঠেছে লাহোর কালান্দার্সের ক্রিকেটার ফখর জামানের বিরুদ্ধে। রবিবার রাতে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ঘটে এই ঘটনা। 

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মহানামার অধীনে অনুষ্ঠিত শৃঙ্খলা শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে। এরপরই ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হলে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ফখর।

ঘটনাটি ঘটে করাচির ইনিংসের শেষ ওভারের আগে।

জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ১৪ রান। ওই সময় লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফ একত্র হন। এ সময় বল নিয়ে নাড়াচাড়া করতে করতে একপর্যায়ে নখ দিয়ে বলের ওপর আঁচড় কাটতে দেখা যায় ফখরকে। বিষয়টি নজরে আসার পর আম্পায়ার ফয়সাল আফ্রিদি রউফের কাছ থেকে বলটি নিয়ে পরীক্ষা করেন।

পরে অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন তারা। পাশাপাশি বল বিকৃতির অভিযোগে ফিল্ডিং দলকে পাঁচ রান জরিমানা করা হয়। এতে করাচির স্কোরে যোগ হয় অতিরিক্ত পাঁচ রান, ফলে শেষ ছয় বলে তাদের প্রয়োজন দাঁড়ায় ৯ রান। শেষ পর্যন্ত তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে করাচি কিংস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে লাহোর অধিনায়ক শাহীন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।

আমরা কথা বলব।’ পাঁচ রানের শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন কিছু বলতে পারছি না। আম্পায়াররা কী বলেন, তা দেখব।’ 

Mahfuzur Rahman

Publisher & Editor