মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

অভিষেকে চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৯, ০৩ মার্চ ২০২৬ |

খেলার তখন ১৪ মিনিট চলছিল। গোলশূন্য সমতা। মাঝমাঠে বল পেয়ে খানিকটা এগিয়ে চোখ ধাঁধানো শট নেন ঋতুপর্ণা চাকমা। বল হাওয়ায় ভেসে উড়ে যাচ্ছিল পোস্টের দিকে।
 
কিন্তু লাফিয়ে উঠে ফিস্ট করে সেই বল বাইরে ঠেলে দেন চীনের গোলরক্ষক চেন চেন। মাথায় হাত রেখে মাটিতে শুয়ে পড়েন ঋতু। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে কয়েক হাজার বাংলাদেশি সমর্থকও হতাশ। 

গোল পাওয়া না হলেও রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ।

কিন্তু প্রথমার্ধের শেষ দিকে এসে ডেডলক ভাঙে চায়নিজরা। তিন মিনিটের মধ্যে দুই গোল করে লিড পায় তারা। খেলার বাকি সময়েও সেই লিড ধরে রাখেন চীন। তাতে এএফসি নারী এশিয়ান কাপে ২-০ গোলের হারে অভিষেক হলো বাংলাদেশের।

র‌্যাংকিংয়ের ১৭তম দলের বিপক্ষে কম ব্যবধানের হার নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের। হারলেও ম্যাচজুড়ে চীনকে চাপে রাখেন মনিকা চাকমারা। 

ম্যাচ ঘিরে সিডনিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আঙিনায় আফঈদা-ঋতুপর্ণাদের পা রাখার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে লাল-সবুজের পতাকা নিয়ে, জার্সি গায়ে জড়িয়ে গ্যালারিতে আসেন অনেকে।

শক্তিশালী চীনের বিপক্ষে শুরুর একাদশে মিলি আক্তারকে রেখে বাংলাদেশ কোচ পিটার বাটলার একটু চমকই দেখান। দুটি সাফ জেতা গোলরক্ষক রুপনা চাকমাকে বেঞ্চে রেখে মিলির ওপর আস্থা রাখেন বাটলার। 

চীন অবশ্য শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করে। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে লিউ জিংয়ের শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়।

১৪ মিনিটে চোখ ধাঁধানো এক গোল পেতে পারতেন ঋতুপর্ণা চাকমা। প্রায় ৩৫ গজ দূর থেকে ঋতুর শট অনেকটা লাফিয়ে ফিস্ট করে কোনোমতে ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন চায়নিজ গোলকিপার চেন চেন।

২৪ মিনিটে উরিগুমুলার ক্রসে ওয়াং হেডে বল জালে জড়ালেও ভিএআরে অফসাইডের ফাঁদে পড়ায় গোল হয়নি। এটি ছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসে ভিএআরের মাধ্যমে হওয়া প্রথম সিদ্ধান্ত। 

বাংলাদেশের প্রতিরোধের দেয়ালে চিড় ধরে ৪৪ মিনিটে। সতীর্থের থ্রু পাস ধরে ওয়াংয়ের দৃষ্টিনন্দন কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। মিলি তেমন কোনো প্রতিরোধ গড়ার সুযোগই পাননি।

প্রথমার্ধের যোগ করা আবারো বাংলাদেশের জালে বল, এবার কিছুটা দুর্ভাগ্যও ছিল। প্রতিপক্ষের আক্রমণ মিলি ফিস্ট করার পর বল চলে যায় ঝ্যাং রুইয়ের কাছে। তার নিচু শট ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে দিক পাল্টে মিলিকে বিভ্রান্ত করে জালে জড়ায়। 

বিরতির পর একাধিক পরিবর্তন আনেন পিটার বাটলার। তহুরা খাতুন, হালিমারা মাঠে নামেন। শেষ দিকে অভিষেক হয় সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর। 

চীনও পরিবর্তন আনে। কিন্তু বাংলাদেশের রক্ষণ আর ভাঙতে পারেনি। ঋতুপর্ণা, তহুরা অবশ্য চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু ব্যবধান কমাতে পারেননি। 

আগামী শুক্রবার (৬ মার্চ) নিজেদেরে দ্বিতীয় ম্যাচে একই মাঠে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ সকালে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছেন উত্তর কোরিয়ান মেয়েরা।

Mahfuzur Rahman

Publisher & Editor