টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সনাথ জয়াসুরিয়া।
ক্যান্ডিতে পাকিস্তানের কাছে পাঁচ রানে হারের পর সংবাদ সম্মেলনে জয়সুরিয়া বলেন, ‘আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এই দায়িত্ব অন্য কাউকে দেওয়া উচিত। ইংল্যান্ড সিরিজের সময়ই জানিয়ে দিয়েছিলাম যে দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা নেই। বিশ্বকাপ শেষে ভালোভাবে বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না।
জয়সুরিয়ার চুক্তির মেয়াদ জুন ২০২৬ পর্যন্ত থাকলেও, আফগানিস্তানের বিপক্ষে আগামী সাদা বলের সিরিজে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। ‘যদি বোর্ড বিকল্প কাউকে পায়, তাহলে অবশ্যই আমি সরে দাঁড়াব,’ যোগ করেন জয়সুরিয়া।
২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে দারুণ সূচনা করে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ইংল্যান্ডে টেস্ট ম্যাচ জিতেছিল লঙ্কানরা। তার সময়েই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দল র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করে এবং সামগ্রিক জয়ের হার ছিল প্রায় ৫০ শতাংশ।
তবে বিশ্বকাপের মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও, টানা চার ম্যাচে হেরে ছিটকে যায় শ্রীলঙ্কা।
বিদায়ের আগে সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন জয়সুরিয়া। ‘দর্শকরা সব সময় আমাদের পাশে ছিল। তারা হতাশ হতে পারে, রাগান্বিতও হতে পারে—আমাদের সেটা মেনে নিতে হবে। ক্রিকেটই তাদের সবচেয়ে বড় আশা।
আমরা ভালো না খেললে তারা কষ্ট পায়,’ বলেন তিনি।
Publisher & Editor