রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আসছে ব্লকবাস্টার ছবি ‘এফ ওয়ান’-এর সিক্যুয়েল

প্রকাশিত: ০৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০

গত বছরের আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। বক্স অফিসে সিনেমাটি ব্যাপক সফলতা পায়। এবার জানা গেল, এফ ওয়ানের সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেরি ব্রুকহাইমার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। 

লস অ্যাঞ্জেলেসে বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ‘লাঞ্চন’-এও তিনি এ ঘোষণা দেন। তবে অভিনয় শিল্পী বা মুক্তির সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ব্র্যাড পিট আবারও প্রধান চরিত্রে ফিরবেন কিনা, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। 

উল্লেখ্য, ‘এফ ওয়ান’-এ সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। এ বছর ছবিটি অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগ সহ মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে। 

এর আগে ‘এফ ওয়ান’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি এক সাক্ষাৎকারে জানান, তিনি একসময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ ছবিতে ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে প্রধান ভূমিকায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে নির্মাতাদের বাজেট সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। 

পরে নির্মাতা ম্যানগোল্ড ছবিটি পরিচালনা করেন এবং এতে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল ও ম্যাট ডেমন। 

‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার জন্য সুপরিচিত পরিচালক জোসেফ কোসিনস্কির ‘এফ ওয়ান’ সিনেমায় আরও অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস, জাভিয়ের বারডেম ও কেরি ম্যাককেনার মতো তারকারা। 

Mahfuzur Rahman

Publisher & Editor