মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অ্যাপেন্ডিকস অস্ত্রোপচারের কারণে ফের পেছাল পরীমনির জেরা

প্রকাশিত: ০৬:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬ |

শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তার জেরা আবারও পিছিয়ে গেছে।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির জেরার দিন ধার্য ছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ কারণে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগেও একাধিকবার জেরা পিছিয়েছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর পরীমনির দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে আসতে পারেননি। ফলে সেদিনও জেরা হয়নি। এর আগে চলতি বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি।

ওই বছরের ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান।
পরদিন সাভার মডেল থানায় মামলা করেন পরীমনি। মামলার পর রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্য আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন।
২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor