মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১৬ ছক্কার সেঞ্চুরিতে এবার রেকর্ড বুক তছনছ করলেন অভিষেক

প্রকাশিত: ০২:১১, ৩০ নভেম্বর ২০২৫ | ৩২

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অবশেষে ব্যাটে ঝড় তুললেন পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা। রবিবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে অভিজ্ঞ বেঙ্গল বোলিং আক্রমণের বিপক্ষে তিনি খেললেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি।

টস জিতে ব্যাট করতে নেমেই বিস্ফোরক শুরু করেন অভিষেক। মাত্র ১২ বলে অর্ধশতক ছুঁয়ে তিনি নাম লেখান টি-টোয়েন্টি ইতিহাসের যৌথ তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকায়।

মোহাম্মদ শামিকে এক ওভারে ২৩ রান নেওয়ার পর তার ইনিংস আরো ভয়ংকর রূপ ধারণ করে। অর্ধশতক ছোঁয়ার সময় তার ৫১ রানের মধ্যে ৫০ রানই আসে বাউন্ডারি থেকে, ৫টি ছক্কা ও ৫টি চার। অভিষেক ও প্রভসিমরন সিং ঝোড়ো ওপেনিং জুটিতে পাঞ্জাব ৮ ওভারেই ১২০ রান স্পর্শ করে। এরপর নিজের আগ্রাসন ধরে রেখে ৩২ বলে শতক পূরণ করেন অভিষেক।

১১টি ছক্কা ও ৭টি চারে সাজানো তার শতরানের ইনিংস। এই সেঞ্চুরির মাধ্যমে অভিষেক টি-টোয়েন্টিতে অষ্টম শতক পূর্ণ করে ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন শুধু বিরাট কোহলি (৯টি)।

গত বছর ২৮ বলে শতক হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখান তিনি। এবারের ৩২ বলে সেঞ্চুরি তাকে নিয়ে গেল এলিট তালিকায়, যেখানে ৩৩ বলের কম সময়ে দুটি টি-টোয়েন্টি শতক রয়েছে শুধু তার ও উর্বিল প্যাটেলের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ বলে ১৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিনের ১৬ ছক্কায় ভেঙে যায় অভিষেকের নিজেদের আগের ক্যালেন্ডার-ইয়ার রেকর্ডও। গত বছর ৮৭ ছক্কার পর এবার ৯১ ছক্কা পেরিয়ে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কার নতুন রেকর্ড গড়লেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor