শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

প্রকাশিত: ০৬:০২, ২০ নভেম্বর ২০২৬ | ১৩

তার ক্যারিয়ারটা ছিল বেশ সমৃদ্ধ। খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে ব্রাজিল নারী দলের ফুটবলার ক্যাথলিন সুজার গন্তব্য হয় সৌদি প্রো লিগের দল আল নাসরে। আর তখনই ঘটে যায় তার জীবন বদলে দেওয়া ব্যাপার। প্রায় দেড় বছর সৌদিতে কাটিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এবার তিনি ওমরাহ পালন করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। 

সুজার জন্ম ব্রাজিলের সাও পাউলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে। তিনি সেন্টারব্যাক হিসেবে খেলছেন ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলে। নিজের শহরে নারীদের মাঠের ফুটবল খেলার সুযোগ কম ছিল। তাই ক্রীড়া বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলও খেলেন।

পড়াশোনা শেষ করে ইউরোপে সফল ক্লাব ক্যারিয়ার গড়েন সুজা। ফ্রান্সে খেলেন বোর্দোর হয়ে। ইতালিতে খেলেন ইন্টার মিলানে। স্পেনে খেলেন রিয়াল মাদ্রিদে। ইউরোপের পর ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবে যান। সেখানে যোগ দেন আল নাসর নারী দলে। এরপর ২০২৬ সালের জুলাইয়ে আল হিলালের সঙ্গে চুক্তি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন সুজা। তখন আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে। সেখানে লেখা হয়, ‘আমরা কাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার ইসলাম গ্রহণের ঘোষণা দিচ্ছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে স্থিরতা দেন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দেন।’

শাহাদাহ পাঠের পরই ওমরাহ করতে দেখা যায় তাকে। এর কয়েক মাস পর আবার মক্কায় গেছেন সুজা। সেখানে ওমরাহ পালন করেছেন তিনি। এই যাত্রার ছবি নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor