বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। ৭ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে আয়োজিত এ সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার প্রশংসা করেন।
বিএনপি নেতা সরোয়ার খান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম উদ্দিন ভূঁইয়া, আবদুস সবুর, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, বাসিত রহমান, মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ভিপি জসিম, লস্কর শরীফ, রহিচ উদ্দিন, দেওয়ান কাউসার, আনিসুর রহমান, মনিরুল ইসলাম, জাহিদসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই সময় দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে ঐক্য ও সংহতির সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের মতে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় নেতৃত্বে আসার পথ তৈরি করে এবং পরবর্তীতে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন পর্যন্ত জিয়াউর রহমান দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা তাঁকে একজন দেশপ্রেমিক, সৎ ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। বক্তাদের মতে, ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা বর্তমান প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
রং-বে রংয়ের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়। সভায় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ও যুবদল নেতা আমানত হোসেন আমান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor