বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অভিষেকেই ইতিহাস গড়ে সাকিবের ৭ উইকেট শিকার

প্রকাশিত: ০৬:০৪, ১২ নভেম্বর ২০২৬ | ৮

ব্যাট হাতে তিন পাকিস্তানি ব্যাটারের দারুণ পারফরম্যান্সের পর এবার বল হাতে চমক দেখালেন অভিষিক্ত পেসার সাকিব খান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলংকার প্রথম ইনিংস থেমেছে ৪৪৬ রানে।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে। তবে সাকিবের বিধ্বংসী বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি শ্রীলংকা। দিনের বাকি ছয় উইকেটের পাঁচটিই তুলে নেন ৩১ বছর বয়সি এই পেসার। শেষ পর্যন্ত ১৩০ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তিনি।

পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে ১২ রানের সামান্য লিড পেয়েছে সফরকারীরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাকিব।

এই পারফরম্যান্সের মাধ্যমে অভিষেক টেস্টের কোনো ইনিংসে পাকিস্তানি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ১৯৯৬ সালে একই রাওয়ালপিন্ডি মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন জাহিদ। তবে সাকিবের কীর্তি প্রথম ইনিংসেই।

জাহিদ ও সাকিব ছাড়া পাকিস্তানের আর কোনো পেসার অভিষেক টেস্টের এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি।

পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে সাত উইকেট নেওয়া চতুর্থ বোলার হলেন সাকিব। তার আগে এই কীর্তি গড়েছিলেন মোহাম্মদ নাজির ও আবরার আহমেদ। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার নাজির। আর ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে ৭ উইকেট শিকার করেছিলেন লেগ স্পিনার আবরার।

এর আগে ব্যাট হাতেও অভিষেক টেস্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। তৈয়ব আরিফ ৫৭, মোহাম্মদ তাহা ৫১ এবং আরাফাত মিনহাস ৫২ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবার সাকিবের রেকর্ড গড়া বোলিংয়ে আলোচনায় উঠে এলো পাকিস্তানের অভিষিক্তদের পারফরম্যান্স।

Mahfuzur Rahman

Publisher & Editor