ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, সংগঠনের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ বিজয় প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, জনসেবা এবং ঢাকার মেয়র ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাদেক হোসেন খোকার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদেক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor