বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের’ অভিযোগকে ভিত্তিহীন প্রোপাগান্ডা বলল ইরান

প্রকাশিত: ০৫:৪৫, ১২ নভেম্বর ২০২৬ | ১৫

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা ‘সন্ত্রাসবাদের’ অভিযোগকে একটি সমন্বিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ইরান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। তার মতে, নিজেদের নানা অপকর্ম থেকে মানুষের নজর সরাতেই যুক্তরাষ্ট্র এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা ইরান-সমর্থিত তিনজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টার অভিযোগ আনেন। এর মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো একটি গোপন ষড়যন্ত্রের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। এই আইনি পদক্ষেপের পরই মূলত দুই দেশের মধ্যে উত্তেজনাকর এই নতুন বাক্যযুদ্ধ শুরু হয়। বাঘাই দাবি করেন, তথাকথিত ‘ইরানি সন্ত্রাসবাদের’ কল্পিত গল্প ফেঁদে মার্কিন প্রশাসন মূলত নিজেদের দায় ঢাকতে চাইছে।

ওয়াশিংটনের এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্টো যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, বিভিন্ন ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের গণমাধ্যমের অপপ্রচার বা মিথ্যা প্রচারণা চালিয়ে আসল ইতিহাস বদলানো যাবে না এবং প্রকৃত আগ্রাসীদের চেহারাও লুকানো সম্ভব হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইসমাইল বাঘাই।

Mahfuzur Rahman

Publisher & Editor